পূর্ণিমা’র চাওয়া

 দিন-রাত শুটিং ডাবিং করার তুলনায় এখন অভিনয়টাকে মনে প্রাণে উপভোগ করতে চাই। এখন কম ছবিতে কাজ করলেও আমি মনে করি অভিনয় উপভোগ করার সময় এটাই। তাইতো আমি উপভোগ করতে করতে মনের আনন্দে চরিত্রের গভীরে ঢুকে অভিনয় করতে চাই। কথাগুলো বর্তমান চলচ্চিত্রের কমপ্লিট নায়িকা পূর্ণিমার। সমপ্রতি শাকিব খান অভিনীত চার ছবির মধ্যে সবচেয়ে সফল ‘মাটির ঠিকানা’র নায়িকা পূর্ণিমা। একটি অন্য রকম গল্পে দারুণ একটি চরিত্রে অভিনয়ের সাফল্যে বেশ তৃপ্ত এ অভিনেত্রী। বললেন, ভাল চরিত্র পেলে কাজ করতে আনন্দ লাগে। যেমন এখন আনন্দ লাগছে ইফতেখার আহমেদ ফাহমীর ‘টুবি কন্টিনিউড’ ছবিতে কাজ করতে। অসম্ভব সুন্দর চরিত্র। পূর্ণিমা বলেন, চলচ্চিত্রে সময় তো আর কম হয়নি। এই সময়ে শাস্তি, সুভা, নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি, মনের মাঝে তুমি, হৃদয়ের কথা, যোদ্ধা, আকাশ ছোঁয়া ভালবাসা, রাক্ষুসী, ওরা আমাকে ভাল হতে দিলো না, মনের সাথে যুদ্ধসহ অসংখ্য ছবিতে মনপ্রাণ উজাড় করে অভিনয় করার সুযোগ পেয়েছি। আবার অনেক ছবিতে অভিনয় করেছি যেখানে কিছুই করার ছিল না। তারপরও পেশাগত কারণে করতে হয়েছে, এখনও হচ্ছে। তবে ভাল কিছু করার জন্য মনটা ছটফট করে। ভাল চরিত্র শুনলে কাজ করার আগ্রহ বাড়ে। তাইতো এখন এটাকেই গুরুত্ব দিচ্ছি। পূর্ণিমা বলেন, সাফল্য, ব্যস্ততা, যশ, খ্যাতি সবই আমি পেয়েছি। পেয়েছি দর্শকদের ভালবাসা। এখন চাই অভিনেত্রী হিসেবে স্বীকৃতি। তিনি বলেন, আমি ভাল অভিনয় করি, গ্ল্যামারার্স, নির্ভেজাল, ঝামেলামুক্ত ইত্যাদি কথাগুলো সব সময় শুনি। কিন্তু এখন শুনতে চাই, পূর্ণিমা অনেক উঁচু মানের অভিনেত্রী। অনেক বড় মাপের শিল্পী। এই স্বীকৃতিগুলোই আমাকে শিল্পী হিসেবে মানসিক তৃপ্তি দেবে বলে আমি মনে করি। শাহ আলম কিরণ পরিচালিত ‘মাটির ঠিকানা’ ছবির সাফল্যে দারুণ আনন্দিত পূর্ণিমা বর্তমানে ব্যস্ত রয়েছেন ‘জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার’, ‘আই লাভ ইউ’, ‘বন্ধু তুমি আমার’, ‘টুবি কন্টিনিউড’, ‘সে আমার মন কেড়েছে’ ছবির কাজ নিয়ে।

0 comments:

Post a Comment